১৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়তন ও জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে জনবল বাড়েনি বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা পাঁচটি অঞ্চলের জনবল (সাংগঠনিক কাঠামো) দিয়ে দশটি অঞ্চলের কাজ করছি, সেবা দিচ্ছি। যদিওবা আমাদের আয়তন অনেক বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনবল বাড়েনি। পাঁচটি অঞ্চলের যে জনবল আমাদের নির্দিষ্ট করে দিয়েছে, তা দিয়ে আমরা দশটি এলাকার কাজ সম্পন্ন করছি। সুতরাং আমাদের জন্য কাজটি অত্যন্ত দুরূহ। আমাদের বাকি পাঁচটি অঞ্চলের সাংগাঠনিক কাঠামো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারের উচ্চ মহল বা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি করে আমাদের সাংগঠনিক কাঠামো অনুমোদন দেবে বলে আমরা আশা করছি। তাহলে আমরা আরও জনবল নিয়োগ করে ঢাকাবাসীকে সঠিকভাবে সেবাটা নিশ্চিত করতে পারবো।
গাড়ি চালকের যে পদগুলো খালি রয়েছে সেগুলো পূরণের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, নিয়মিত গাড়ি চালক ও ভারী গাড়ি চালক নিয়োগের ব্যবস্থা নিয়েছি। তবে একটি বিষয়, আমাদের জনবলের স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা কাটিয়ে ওঠাটাই আমাদের জন্য বেশি প্রতিকূলতা। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার বিশেষ করে জনপ্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তদন্ত প্রতিবেদনের আলোকে গৃহিত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এ ব্যপারে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছি। যিনি পরিবহহন তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন তাকে আমরা কর্মচ্যুত করেছি, অপসারণ করেছি। কারণ, তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে, ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাঈম হত্যার পর এ বিষয়ে আমরা তদন্ত করেছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখেছি। প্রতিবেদনে যেসব অনিয়ম পাওয়া গেছে, সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিয়েছি।
শেখ ফজলে নূর তাপস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply