০২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বরেণ্য নারীনেত্রী বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার দেয়া শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আয়েশা খানম ছিলেন একজন সাহসী যোদ্ধা। দেশে নারীর ক্ষমতায়নে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।’
রাষ্ট্রপতি প্রয়াত আয়েশা খানমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রয়াত আয়েশা খানম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আয়েশা খানমের জন্ম নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে, ১৯৪৭ সালের ১৮ অক্টোবরে প্রগতিশীল পরিবারে। বাবা গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম।
হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৬৬ সালে তিনি ছাত্র ইউনিয়নের নেতৃত্বের কাতারে আসেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের অসহযোগ আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন।
১৯৭১ সালের ২৩ মার্চ রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ডামি রাইফেল হাতে যে মিছিল হয় তাতে নেতৃত্ব দেন আয়েশা খানম। এর আগে, মুক্তিযুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয় তাতেও তিনি নেতৃত্ব দেন।
আয়েশা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। এছাড়া রোকেয়া হল ছাত্র সংসদে তিনি সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
সংগ্রামী এ নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পfদক ও সভাপতি হিসেবে চার দশক ধরে নেতৃত্ব দিয়েছেন।
রাষ্ট্রপতি/এসকেএম/রমু















Leave a Reply