২৯ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুয়ার একটি কারাগারে আগুন লেগে কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
কারা কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
কলম্বিয়ার জাতীয় কারা সংস্থার প্রধান জেনারেল তিতো কাস্তেলেনাস জানান, পালানোর প্রচেষ্টা চালাতে কারাবন্দীরা নিজেদের ম্যাট্রেসে আগুন ধরিয়ে দিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। অথ্যবা অন্য কোনও ঘটনা ঢাকতে সহিংসতা উসকে দেয়া হয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে।
যারা নিহত হয়েছেন, তারা সবাই কারাবন্দী ছিলেন কি না কিংবা ঘটনার সময় কেউ পালিয়ে গেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কাস্তেলেনাস আরও বলেন, এটি এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আগুন ও ধোঁয়ায় ৩০ জন আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুক বলেছেন, ভাল্লে দেল কাওকা বিভাগের তুলুয়া এলাকার কারাগারের ঘটনায় তদন্ত হবে। কারাগারের এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। জেনারেল তিতো কাস্তেলেনাসের সাথে যোগাযোগ রাখছি। তদন্ত চালিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি আমি। এর মধ্য দিয়ে ভয়াবহ এ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাব।
কাস্তেলেনাস বলেন, তুলুয়া কারাগারে মোট ১ হাজার ২৬৭ জন বন্দী আছেন। যে অংশে আগুন লেগেছিল, সেখানে ১৮০ জন বন্দী থাকতেন। কলম্বিয়ার কারাগারগুলোতে খুব গাদাগাদি অবস্থা। সরকারি হিসাব অনুসারে দেশজুড়ে বিভিন্ন কারাগারে ৮১ হাজার বন্দীর ধারণক্ষমতা থাকলেও বর্তমানে এগুলোতে প্রায় ৯৭ হাজার বন্দীকে রাখা হচ্ছে।
কলম্বিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply