১৩ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান চর্চ্চার বিকল্প নেই।
শনিবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) মিলনায়তনে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, পেছনের তিনটি শিল্প বিপ্লবে আমরা পিছিয়ে পড়লেও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। বিজ্ঞানমনস্ক জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন ২০০৮ সালে। আর ভারত এমনকি যুক্তরাজ্যের ঘোষণাও এর পরে এসেছে।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নয়নশীল। কিন্তু আমরা জাতি হিসেবে মেধাবী। আমাদের মেধাবী সন্তানেরা বিশ্বের বহু স্থানে স্থাপত্য-নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন।
তথ্যমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সমানতালে চলার চ্যালেঞ্জ মোকাবেলায় এই মেধাগঠন ও বিজ্ঞানচর্চ্চার উত্তরোত্তর প্রসার একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতায় তিনি বিজ্ঞানভিত্তিক শিক্ষাগ্রহণে সবাইকে উৎসাহিত করেন। বলেন, আমাদের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বৈশ্বিক পরিচিতি দিতে এধরণের আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
















Leave a Reply