২৭ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় আহমেদ মাহী বুলবুল নামে এক দন্ত চিকিৎসককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের ২৭৮ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন।
নিহত আহমেদ মাহী বুলবুল মগবাজারের ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি ঠিকাদারিতে যুক্ত ছিলেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মাহাতাব উদ্দিন বলেন, নোয়াখালী যেতে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। তিনি তার সহকারীকেও ফোন করেছিলেন, তবে তার সহকারী তখনও পৌঁছাননি।
বুলবুলের উরুতে ছুরিকাঘাতের জখম পাওয়া গেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। বলেন, তার কাছে টাকা-পয়সা, একটি মোবাইল ফোন ছিল। বুক পকেটে থাকা মোবাইলটি শুধু খোয়া গেছে। সম্ভবত ৩৮ বছর বয়সী এই চিকিৎসকের উরুতে ছুরি মেরে পকেটের মোবাইল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর পথচারীরা বুলবুলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ রংপুরের উদ্দেশে রওনা হয়েছে। দুই সন্তানের মধ্যে ছোট ছেলের বয়স মাত্র ১৯ মাস। স্ত্রী তিতুমীর কলেজের প্রভাষক।
নিহত বুলবুল ১৯৯৭ সালে এসএসসি পাশ করেন। ১৯৯৭ এসএসসি ব্যাচের বন্ধুদের ফেসবুক গ্রুপ ‘সমমনা ৯৭’-এর ক্রিয়েটর অ্যাডমিন ও আর্ট নিউজের সম্পাদক কাজী তামান্না এই হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের শিগগিরই আইনের আওতায় আনার দাবি জানান।
ছুরিকাঘাতে হত্যা/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
















Leave a Reply