জনপ্রতিনিধিদের অর্জন ম্লান হতে পারে না

২০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুটিকয়েক জনপ্রতিনিধির অনিয়ম এবং ভুলের কারণে ৬৫ হাজারের বেশি জনপ্রতিনিধিদের অর্জন ম্লান হতে পারে না। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার অর্থাৎ জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানই পারে জনমানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করতে।

রোববার গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘করোনাকালে স্থানীয় সরকারের ভূমিকা ও বাজেট ২০২১-২০২২’ শীর্ষক অনলাইন মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে ৬৫ হাজারের বেশি জনপ্রতিনিধি আছেন। তাদের মধ্যে অল্প সংখ্যক অনিয়মের সাথে জড়িত হলে এর জন্য সব জনপ্রতিনিধিকে দোষারোপ করা ঠিক নয়।

তিনি বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের মহাসংকটে সরকার দেশে লকডাউন ঘোষণার পর সব জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এসময়, দেশের ইতিহাসে সর্ববৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দু-একজনের ভুলত্রুটি হয়েছে। সেটা নিতান্তই নগণ্য। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ায় তা নিয়ত্রণে আসে।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জনমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলা পরিষদসহ অন্যান্য জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কোনও বিকল্প নেই। আর শুধু শক্তিশালী করলেই হবেনা এর পাশাপাশি এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজেট বরাদ্দ দেয়া হচ্ছে। কিছু কিছু খাতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরাসরি কেন্দ্রীয়ভাবে বাজেট বরাদ্দের নিয়মতান্ত্রিক পদ্ধতি নেই। নিজেদের আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর হয়ে উন্নয়ণ কাজে অবদান রাখা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে তার নেতৃত্বে গোটা জাতি আজ ঐকবদ্ধ্য।

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন ও পিকেএসএফের চেয়ারম্যান ডক্টর কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম