২২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পরজয়ের দিনে জার্মানীকে উড়িয়ে দিল ব্রাজিল। গুনে গুনে এক হালি গোল দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণরা। টোকিও অলিম্পিকে গেলবারের দুই ফাইনালিস্টের ম্যাচে হেসেখেলে জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ান ব্রাজিল। রেকর্ড গড়েছেন তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় জিাপানের ইয়োকোহামার ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় গতবারের ফাইনালিস্টরা।
ম্যাচে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন দ্যুতি ছড়ান। উদ্বোধনী ম্যাচের প্রথম ৩০ মিনিটেই পূরণ করেন হ্যাটট্রিক। নাম লেখান রেকর্ড বুকে। দলের হয়ে দ্বিতীয়ার্ধে দলের পক্ষে একটি গোল করেন পাওলিনহো। তবে প্রতিপক্ষ জার্মানীও দুইবার খুঁজে নেয় ব্রাজিলের জাল। জার্মানীর পক্ষে গোল করেন নাদিয়েম আমিরি ও রাগনার অ্যাক।
রিচার্লিসন খেলা শুরুর সপ্তম মিনিটে দেখা পান প্রথম গোলের। ১৫ মিনিটের সময় জালের খুব কাছ থেকে উড়ন্ত বলে দুরন্ত হেডে গোলের জোড়া পূরণ করেন। ৩০ মিনিটের সময় ডি-বক্সের মাঝে বলে জোড়ালো শট নেন ২৪ বছর বয়েসী এই ফরোয়ার্ড। বল খুঁজে নেয় নিজের গন্তব্য।
আরও পড়ুন: অলিম্পিকে আর্জেন্টিনার মিশন শুরু পরাজয় দিয়ে
০-৩ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জার্মানী। নাদিয়েম আমিরি ম্যাচের ৫৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র শটে বল জালে পাঠান। ব্যবধান দাঁড়ায় ১-৩ গোলের। রাগনার অ্যাক ব্যাবধান কমিয়ে ২-৩ করেন খেলার ৮৪ মিনিটে।
অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পাওলিনহো ব্রাজিলের পক্ষে চতুর্থ ও শেষ গোল করেন। জার্মানী হজম করে এক হালি গোল।
ব্রাজিলের জয়/এএমএম/কিউটি
















Leave a Reply