ড্রেনে পয়ঃবর্জ্যের সংযোগ পেলে কঠোর ব্যবস্থা

১৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পয়লা সেপ্টেম্বর থেকে ড্রেনে অথবা খালে পয়ঃবর্জ্যের সংযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হল রুমে গুলশান, বাড়িধারা, বনানী ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব ভবন থেকে পয়ঃবর্জ্যের লাইন সরাসরি সারফেস ড্রেন অথবা খালে দেয়া হয়েছে আমরা ইতোমধ্যে সেসব ভবনের একটি তালিকা প্রণয়ন করেছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তালিকা অনুযায়ী গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় পরিচ্ছন্ন শহর গড়তে জনগণকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমি বলতে চাই ভালোবাসা দিবস একদিন, আসুন আমরা নগরকে ভালবাসি প্রতিদিন। শহরের খালগুলো পরিচ্ছন্ন রাখতে হলে প্রতিটি বাসা বাড়িতেই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনে খালগুলো হস্তান্তরের পর থেকে খালগুলো উদ্ধারের কাজ করে যাচ্ছি। খালগুলো উদ্ধার করতে গিয়ে দেখেছি বিভিন্ন বাসা-বাড়ির ও অন্যান্য ভবনের পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সারফেস ড্রেনে এবং খালে দেয়া হয়েছে। এর ফলে খালগুলো দূষিত হচ্ছে।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি, খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালকে দূষণ করছে। দূষণের ফলে খালে মাছের চাষ না হয়ে সেখানে মশার চাষ হচ্ছে। সেটি আর হতে দেয়া যাবে না। পয়ঃবর্জ্যের লাইন সারফেস ড্রেন অথবা খালে দেয়া যাবে না।

একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সহযোগিতার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। এমনকি যথাযথভাবে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করলে ভবন মালিকদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

মেয়র আতিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *