ঢাকা-কলকাতার মধ্যে আরেকটি ট্রেন চালুর প্রস্তাব

১৮ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।

সোমবার রেলপথ মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজনের সাথে তার দপ্তরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।

এ সময় বাংলাদেশে ভারতীয় অর্থায়নে যেসব প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতের জন্য যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ভারতের হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা-কলকাতার মধ্যে দর্শনা হয়ে আরও একটি ট্রেন চালানো যেতে পারে।

বৈঠকে রেলপথ মন্ত্রীর ভারত সফরের বিষয়টি উঠে আসে। মন্ত্রী জানান, তিনি ভারত সফরের সময় আধুনিক কোচ তৈরির কারখানা পরিদর্শন করেছেন। ঢাকা থেকে কক্সবাজারে চালানোর জন্য উন্নত মানের টুরিস্ট কোচ তিনি ভারত থেকে আমদানি করতে আগ্রহী। লাইন অফ ক্রেডিটের আওতায় এই কোচের পাশাপাশি ইঞ্জিন এবং লাগেজ ভ্যান ক্রয়ের বিষয়ে রেলপথ মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন। ভারতের পক্ষ থেকে এগুলো ক্রয়ের বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ দেয়া হয়।

আলোচনায় আরও যে বিষয়গুলো উঠে আসে তা হলো- পঞ্চগড় থেকে বাংলাবান্ধা নতুন রেল লাইন নির্মাণ এবং বাংলাবান্ধা থেকে ভারতীয় অংশ যেখানে সংযোগ স্থাপিত হবে- সেটি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। কাজেই ভারতকে এ বিষয়টি দ্রুত করার আহ্বান জানানো হয়।

ভারতীয় অর্থায়নে নির্মিত হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন। রেলমন্ত্রী বগুড়া পর্যন্ত লাইনকে সান্তাহার পর্যন্ত বর্ধিত করার আহ্বান জানান। এর পাশাপাশি ভারতীয় অর্থায়নে খুলনা-মংলা রেললাইন, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণে যে সমস্যা- সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেনাপোল স্টেশনের আধুনিকায়ন, সিরাজগঞ্জে আইসিডি নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক মানের কোচ তৈরির কারখানা, বাংলাদেশের সহকারী লোকোমোটিভদের ভারতে ট্রেনিং প্রদানের বিষয় নিয়েও আলোচনা হয়।

নূরুল ইসলাম সুজন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *