তেঁতুলতলা মাঠে থানা ভবন হবে না

২৮ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোন থানা ভবন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে আমরা এই জায়গাটি বরাদ্দ পেয়েছিলাম। থানা নির্মাণের জন্য এটা সরকার পুলিশকে দিয়েছিল। এটা পুলিশের জায়গা, পুলিশেরই থাকবে। তবে এখানে কোনও থানা হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এলাকার মানুষ যেভাবে এই জায়গাটি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করবেন।

তাহলে কলাবাগান থানা কোথায় হবে-এমন প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, পরে অন্য কোথাও জায়গা নির্ধারণ করা হবে থানার জন্য।

তেঁতুলতলা মাঠে থানার জন্য যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কোনও সমস্যা না। অবকাঠোমো বেশি কিছু হয়নি। জয়গাটি এলাকাবাসী যেভাবে ব্যবহার করতেন, সেভাবেই করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্মাণ কাজ তো অবশ্যই বন্ধ থাকবে। তবে রক্ষণাবেক্ষণ পুলিশই করবে। খেলার মাঠের জন্য উপযোগী জায়গা সেটি নয়। যেভাবে ব্যবহার করা হচ্ছিল, এলাকার লোক যেভাবে ব্যাবহার করছে, সেভাবেই থাকবে- এটাই প্রধানমন্ত্রীর পরামর্শ’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেঁতুলতলার যে জায়গাটি সরকার আমাদের হ্যান্ডওভার করেছিল, সেটি কলাবাগান থানার জন্য চেয়ে আমরা আবেদন করি ২০১৭ সালে। দেখলাম, সেই এলাকায় খেলার জায়গা নেই।

প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই, পুলিশের জমি যেভাবে আছে, সেভাবে থাকুক। কোনও কনস্ট্রাকশন যেন না করা হয়। যেভাবে চলছে চলতে থাকুক। এটাই আমাদের সিদ্ধান্ত।

প্রাচীর যতটুকু হয়েছে সেভাবেই থাকবে। আগে যেভাবে এলাকাবাসী জায়গাটি ব্যবহার করতেন এখনও সেভাবে ব্যবহার করতে পারবেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, প্রাচীর খুব বেশি হয়নি। যদি কোনও অসুবিধা হয়, আমরা দেখব। কিন্তু জায়গাটি পুলিশের, পুলিশেরই থাকবে। রক্ষণাবেক্ষণ পুলিশই করবে।

স্বারাষ্ট্রমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *