নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত দুই শতাধিক

৯ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারার একাধিক গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ সপ্তাহে অস্ত্রধারী দস্যুদের আস্তানায় বিমান হামলা করা হয়। এর বদলা নিতেই তারা পাল্টা হামলা চালায়।

শনিবার স্থানীয় বাসিন্দারা এসব তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্স।

খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে এসব বন্দুকধারী দস্যু হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এসব বন্দুকধারীদের তৎপরতা বেড়েছে। গত বুধবার নাইজেরিয়ার সরকার এসব দস্যুদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়।

এসব দস্যুদের তৎপরতা বেশি দেশটির জামফারা রাজ্যে। এ রাজ্যের গ্রামবাসীরা জানিয়েছেন, সামরিক বাহিনী দস্যুদের হামলায় নিহত ব্যক্তিদের শেষকৃত্যের জন্য গ্রামগুলোতে ঢোকার পর স্থানীয় বাসিন্দারা তাদের গ্রামে ফেরেন। স্থানীয় লোকজন ২০০ বেশি গ্রামবাসী নিহত হওয়ার কথা জানালেও রাজ্য সরকার দাবি করেছে, হামলাগুলোতে ৫৮ জন মানুষ নিহত হয়েছেন।

বন্দুকধারী দস্যুদের হামলায় স্ত্রী ও তিন সন্তান হারিয়েছেন স্থানীয় বাসিন্দা উমমারু মাকেরি। তিনি বলেন, হামলায় নিহত প্রায় ১৫৪ জনের শেষকৃত্য হয়েছে। এর মধ্যে গ্রামের নিরাপত্তার জন্য নিয়োজিত বেশ কিছু সদস্যও রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলায় নিহতের সংখ্যা ছিল অন্তত ২০০।

নাইজেরিয়ার সামরিক বাহিনী বলছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার সকালে জামফারা রাজ্যের গুসামি জঙ্গল ও সামরে নামের এক গ্রামে অস্ত্রধারী দস্যুদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। হামলায় শতাধিক দস্যু নিহত হয়েছেন। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দস্যুদের দুজন নেতাও রয়েছেন।

নাইজেরিয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *