আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি উগ্রবাদী হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানে সীমান্ত চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটে। খবর: ডয়চে ভেলে।
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বোমারুর লক্ষ্য ছিল চেকপোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটানো। সেটি করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বাড়ত। কিন্তু সেখানে যাওয়ার আগে তিনজন সেনা তাকে থামান। তার পরই ওই উগ্রবাদী নিজেকে উড়িয়ে দেন। তিনজন সেনারও মৃত্যু হয়।
একই দিনে আফগানিস্তান সীমান্তের কাছে উগ্রবাদীদের সাথে গুলির লড়াইয়ে একজন পাকিস্তানি সেনা অফিসার নিহত হয়েছেন।
৩৩ বছর বয়সি ওই অফিসারের নেতৃত্বে সেনা জওয়ানরা খাইবার এলাকায় উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। ওই সময় উগ্রবাদীদের গুলিতে অফিসারের মৃত্যু হয়।
পরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের গুলিতেই সেনা অফিসারের মৃত্যু হয়েছে। তবে প্রথম ঘটনার দায় কেউ এখনও স্বীকার করেনি।
একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি উগ্রবাদী হামলা হয়েছে। তাতে ৩৮৯ জন নিহত হয়েছেন। এই সময়ে উগ্রবাদী হামলার পরিমাণ ৭৯ ভাগ বেড়েছে।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply