১৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা সংক্রান্ত ভুল তথ্য দেয়ার কারণে মানুষের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা সংক্রমণ ও টিকা নিয়ে ভুল তথ্য প্রচারে মানুষ বিভ্রান্ত হচ্চে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকেদের সাথে আলোচনার সময় এক প্রশ্নের জবাবে ফেসবুকের বিরুদ্ধে এ অভিযোগ করেন বাইডেন ।
তিনি বলেন, ভুল তথ্যের প্রচারে প্রাণহানি ঘটছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অধিকাংশ মানুষই টিকা গ্রহণ করেননি। মহামারি এখনও টিকা না নেয়া লোকের জন্যই টিকে আছে।
এ জন্য সরাসরি ফেসবুককে দায়ী করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে অপপ্রচারকারীদের দমন করা হবে।
এদিকে ফেসবুকের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুক মানুষ হত্যা নয়, বাঁচানোর কাজ করছে। ২০০ কোটির বেশি মানুষ ফেসবুকের মাধ্যমে কোভিড-১৯ নিয়ে সঠিক তথ্য পেয়েছেন। ৩৩ লাখের বেশি মার্কিনি ফেসবুকের মাধ্যমে টিকাদান কেন্দ্রের খোঁজ করেছেন। বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে ফেসবুক জীবন রক্ষায় কাজ করছে।
জো বাইডেন/এসকেএম















