বন্যায় নিহত অর্ধশতাধিক

৫ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রদিতিয়া দজাতি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: এএফপি।

তিনি জানান, বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, এ দুর্যোগে এখনও ৪২ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত ছোট দ্বীপ রাষ্ট্র পূর্ব তিমুরের এক কর্মকর্তা জানান, দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১৬ জনের মৃত্যু ঘটেছে।

দেশ দুইটিতে প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এবং ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে গেছে।

বন্যা/এসকেএম/আরএম