বিএনপি-জামায়াত সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল

১৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপি-জামায়াত বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার দুপুরে কক্সবাজার সার্কিট হাউসে কক্সবাজার জেলার আইনজীবীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এবং কক্সবাজার জেলার আইনজীবী নেতারা এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধ উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইউনিফর্ম পরা অবস্থায় নিজেকে রাষ্ট্রপতি দাবি করলেন। অথচ আইনে চাকরিজীবীদের কোনভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয়া হয়নি। এভাবে সাংবিধানিক শাসন, আইনের শাসন ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে অন্তত ৫০ বছর পেছনে ফেলে গেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের দেশে প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে জিয়া। রাষ্ট্র ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, এটা আইনে পরিণত করে জিয়া। তার স্বাক্ষরে খন্দকার মোশতাকের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ আইনে পরিণত হয়।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার কাছাকাছি কেউ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা মনে করেন, যে যে দলই করুক না কেন, অন্যায়-অবিচার, দুর্নীতি করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

পরে কক্সবাজার সার্কিট হাউসে মৎস্য অধিদপ্তরের আওতাধীন চকরিয়াস্থ চিংড়ি প্ল্যান্ট উন্নয়ন সংক্রান্ত অংশীজন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সকালে তিনি কক্সবাজার সদর উপজেলায় মৎস্য অধিদপ্তরের কাঁকড়া হ্যাচারি পরিদর্শন এবং কক্সবাজারের রামু উপজেলায় বেসরকারি উদ্যোগে পরিচালিত এসপিএফ (স্পেসিফিক প্যাথোজেন ফ্রি) চিংড়ি হ্যাচারি পরিদর্শন করেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *