৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, মহাসমুদ্রে কূল হারিয়ে ফেলা জাহাজের মানুষ বাঁচার জন্য আলো দেখার চেষ্টা করে। বিএনপির অবস্থাটাও এখন হয়েছে ঠিক সেই রকম। টানেলের অভ্যন্তরে তারা আলো দেখতে পারলে ভালো, আশা করবো বিএনপি টানেল থেকে বের হতে পারবে।
শুক্রবার সন্ধ্যায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বাংলাদেশ রেলওয়ের আমবাগান রোডস্থ শহীদ শেখ রাসেল পার্কে বাণিজ্য মেলার উদ্বোধন করেন।
বিএনপির আন্দোলন টানেলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন টানেলের ভেতর থেকে তারা আলো দেখতে পাচ্ছেন’ বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেশ কয়েক বছর ধরেই বিএনপি টানেলের ভেতর থেকে আলো দেখছেন। শুধু আলো দেখা নয় আমি আশা করবো তারা টানেল থেকেই বের হতে পারবেন। বিএনপি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্রকে সংহত করার জন্য ভূমিকা রাখতে পারবে।
পুলিশের ওপর নির্ভর করে সরকার দেশ চালাচ্ছে, পুলিশই একমাত্র সরকারের শক্তি’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ডক্টর হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। কখনও সরকারি শক্তির ওপর বিশ্বাস করে না। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অস্ত্রের ওপর ভর করে ও লাশের ওপর পা দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। টিকেও ছিল লাশের ওপর পা রেখে। বেগম খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামী লীগ সেটাতে বিশ্বাস করে না।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন নারী। যেভাবে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে এসেছেন সেটি শুধু আমাদের দেশের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে একটি উদাহরণ।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply