৪ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): ভোলায় বিএনপি নেতারা তাদের কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। ফলে বিএনপির দুই কর্মীর মৃত্যুর জন্য প্রকারান্তরে তারাই দায়ী। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে সাংবাদিকরা সেদিন নয়া পল্টনে বিএনপির সমাবেশ ও বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি লাশের রাজনীতি করে। সে কারণেই তাদের অপরাধপ্রীতি ও লাশের রাজনীতির বলি হচ্ছে ভোলায় তাদের দু’জন কর্মীর মৃত্যু। কারণ বিএনপি তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল এবং কারও কারও হাতে অস্ত্র তুলে দিয়েছিল।
ভোলার ঘটনা নিয়ে হাছান মাহমুদ বলেন, সেখানে পুলিশের ওপর গুলি করা হয়েছে এবং পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পুলিশ সদস্যকে তাদের দলীয় কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা হয়েছে। অর্থাৎ বর্তমান নেতৃত্ব তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং এই যে তাদের দু’জন কর্মী মৃত্যুবরণ করলো, এর জন্য প্রকারান্তরে দায়ী বিএনপির নেতৃত্ব এবং এ দায় স্বীকার করে তাদের বরং আগে পদত্যাগ করা দরকার বলেন তথ্যমন্ত্রী।
বিএনপির আন্দোলনের ঘোষণারও সাফ জবাব দেন ডক্টর হাছান। বলেন, বিএনপি তো এখন ফাঁকা মাঠে আন্দোলন করছে। এখন শোকের মাস আগস্ট, সামনে শোক দিবস, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যখন মাঠে নামবো, তারা পালানোর পথ খুঁজে পাবে না।
এর আগে বেতার মিলনায়তনে বাংলাদেশ বেতারের সদ্যপ্রয়াত মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
এসময় তিনি বলেন, মরহুম কামরুজ্জামান কখনও রাগান্বিত না হওয়া একজন ভালো মানুষ এবং বেতারের জন্য নিবেদিতপ্রাণ কর্মকর্তা ছিলেন। মন্ত্রী তার বিদেহী আত্মার শান্তিকামনা ও তার শোকাহত পরিবারের শোক সহ্যশক্তির জন্য প্রার্থনা করেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply