০৮ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই, চুক্তি অনুযায়ী সময় মতই ভারত থেকে ভ্যাকসিন আসবে। এমনটাই জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
ডক্টর হাছান মাহমুদ বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে। গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার কর হয়েছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিব নিশ্চিত করেছেন, বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করানোর ভ্যাকসিন পাবে।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে সময়মতো করোনা ভ্যাক্সিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপমহাদেশে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে।
মন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে তারাই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা গুজব ছড়িয়েছে। বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর একটি মহল বলেছিল, মানুষ রাস্তায় পড়ে থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে। কিন্তু বাংলাদেশের মানুষ ভালো আছে।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা নিয়ে কাজ করে বিশ্বের অনেক দেশ বা উন্নত দেশে এমন স্বাধীনতা পায় না। এর বাইরেও কেউ হয়রানির শিকার হলে যথাযথ ব্যবস্থা নেয়া হয়।
এরপর মন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র এবং বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কেন্দ্র দু’টির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করেন।
তথ্যমন্ত্রীর সাথে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন দত্ত, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহিদুল্লাহ কাওছার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, মহানগর কমিটির সভাপতি সফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অন্যান্য নেতারা।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
















Leave a Reply