মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম

০২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমকে বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার সকালে স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনের এই নেত্রী মারা যান।

ভোরে নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আয়েশা খানম। দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘদিন বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃত্বে ছিলেন। সকাল সাড়ে ৮টায় তার মরদেহ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয় শেষ শ্রদ্ধা জানাতে।

আজই নেত্রকোনায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আয়েশা খানমের জন্ম নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে, ১৯৪৭ সালের ১৮ অক্টোবরে প্রগতিশীল পরিবারে। বাবা গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম।

হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৬৬ সালে তিনি ছাত্র ইউনিয়নের নেতৃত্বের কাতারে আসেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের অসহযোগ আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন।

১৯৭১ সালের ২৩ মার্চ রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ডামি রাইফেল হাতে যে মিছিল হয় তাতে নেতৃত্ব দেন আয়েশা খানম। এর আগে, মুক্তিযুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয় তাতেও তিনি নেতৃত্ব দেন।

আয়েশা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। এছাড়া রোকেয়া হল ছাত্র সংসদে তিনি সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সংগ্রামী এ নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পfদক ও সভাপতি হিসেবে চার দশক ধরে নেতৃত্ব দিয়েছেন।

শোক/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *