ঢাকা, ৩১ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): ৭০ বছর বয়েসি মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খুন হলেন। সালিশ বৈঠকের নামে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে প্রতিবেশিরা পিটিয়ে ও গলা টিপে হত্যা করে মুক্তিযোদ্ধা লতিফকে।
শুক্রবার বিকেলে বাসাইলের হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আদুর রউফ জানান,প্রতিবেশি আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজের সাথে দুইটি মাছের পুকুর নিয়ে বিরোধ চলছিল আবদুল লতিফের। বিরোধ মেটাতে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে বসে সালিশ বৈঠক।
রউফ জানান, সালিশ চলা অবস্থায় আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজ আবদুল লতিফকে মারধর করে গলা টিপে ধরে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুতই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য শাহজাহান খান স্বীকার করেন, তার বাড়িতেই সালিশ বৈঠক চলছিল। তিনি বলেন, বৈঠক চলা অবস্থায় মুক্তিযোদ্ধা আবদুল লতিফ প্রতিপক্ষের হামলার শিকার হন।
শাহজাহান খান ঘটনার সাথে জড়িত আবু খান ও তার দুই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাসাইল থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। থানার ওসি হারুনুর রশিদ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মুক্তিযোদ্ধা/এএমএম/টিটি














Leave a Reply