৩০ অক্টোবর ২০২০ (বিনোদন ডেস্ক): এই আর কিছু সময়। এর পরেই কতো শত তরুণ ভক্তের হৃদয় ভাঙবেন কাজল। মুম্বাইয়ে আজ বিকেলেই একাকিত্ব ঘোচাবেন তেলেগু, তামিল আর হিন্দি ছবির হার্টথ্রব কাজল আগরওয়াল।
মুম্বাইয়ের চার্চগেটের পাশেই হবে বিয়ের বিয়ের অনুষ্ঠান। পাঁচ তারকা হোটেলে।
বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল কাজলের বিয়ে নিয়ে। চুপি চুপি সব খবরেই চোখ রাখছিলেন তিনি। মুখ খোলেননি। আজ নিজেই ট্যুইট করলেন। জানালেন, শুভ কাজে দেরি কিসের? আজই সেরে ফেলছেন ছাদনাতলায় বসার কাজ।
তবে গত কয়েকদিন ধরে মনের মানুষটির ছবি পোস্ট করে চলছিলেন ট্যুইটারে। অবশ্য ফেসবুকে তার ভেরিফায়েড আইডি-কে রেখেছেন নিরাপদ দূরত্বে। সেখানে এ বিষয়ে কোন ঘোষণা বা ছবি নেই।
কাজল জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান চলবে দু’দিন ধরে। আয়োজনে মাস্তির কমতি থাকবে না বলে ধরেই নেয়া যায়।
কাজলের সিঁথিতে সিঁদুর পরাবেন তার বন্ধু গৌতম কিসলু। ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গৌতম কাজ করেন ইন্টেরিয়র ডিজাইন আর হোমডেকর নিয়ে। অবশ্য বিয়ের আঙিনা সাজানোর কাজটি গৌতমের প্রতিষ্ঠানই করছে কিনা সে বিষয়ে কিছু জানাননি কাজল।
করোনা পরিস্থিতির কারণে আয়োজনে ঘটা থাকলেও উপস্থিতি খুব বেশি থাকছে না। তারপরও মুম্বাইয়া সেলব বলে কথা! উপস্থিতি কম হবে, কিন্তু কতো কম?
বিনোদন/এএম/আরএম















