শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

১৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দুই ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। যাদের টিকা নেয়া হয়নি তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা না নেয়া পর্যন্ত অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে এই পাঠগ্রহণ করতে হবে। এছাড়া সংক্রমণ এড়াতে সবক্ষেত্রেই শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

শিক্ষামন্ত্রী বলেন, গতকাল রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে আলোচনা করার পর শ্রেণিকক্ষে পাঠদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জনের প্রথম ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। আর ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি ২১ শে ফেব্রুয়ারির মধ্যে অবশিষ্টদের দ্বিতীয় ডোজ টিকা দেয়াও শেষ হয়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে পাঠদান পরিচালনা করতে হবে।
‘বিশ্ববিদ্যালয়গুলোর তাদের নিজস্ব সময়সূচি ঠিক করে নেবে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২২ ফেব্রুয়ারি তাদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু তাদের টিকা নেয়া হয়নি, পরামর্শকরা বলেছেন, সংক্রমণ দ্রুত নামছে। এই ধারা অব্যাহত থাকতে পারে বলে কমিটি জানিয়েছে। আগামী দুই সপ্তাহের (১৪ দিন) মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারবো।

তিনি বলেন, যেহেতু করোনার কারণে গত এক মাস বন্ধ ছিল ঠিক যে জায়গায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করবো। চেষ্টা থাকবে করোনা সংক্রমণ যত নামতে থাকবে আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে যাবো। যতদ্রুত সম্ভব স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবো।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *