সংক্রমণ কমতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে

২৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণের হার অব্যাহতভাবে কমতে থাকলে শিগগিরই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায়-৭৫’ অনুষ্ঠানে এসব মন্ত্রী কথা বলেন।

শিক্ষমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ক্রমান্বয়ে কমছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে খোলা হবে ধাপে ধাপে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পদক ডাক্তার দীপু মনি বলেন, আশা করি, যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে। এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তবে ধাপে ধাপে খুলব। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনও দেশের তুলনায় বেশি। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়ত ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।

আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও আওয়ামী লীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদসহ অন্যরা বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *