সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

৭ জুন ২০২১ (নিউজ ডেস্ক): সংসদ সদস্যদের তীব্র সমালোচনাকে গুরুত্বই দিলেন না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সব সমালোচনাকে পাশ কাটিয়ে তিনি দাবি করেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ সফলতা দেখিয়েছে। বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তিনি তার বক্তব্যে এড়িয়ে গেছেন স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতি এবং সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ঘটনায় বিরোধী দলের সব সমালোচনা।

সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা।

জিএম কাদের বলেন, যারা পুকুর চুরি করেছেন তারা বেরিয়ে যাচ্ছেন। যারা এসব প্রকাশ করছেন তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনুসন্ধানী সাংবাদিকতা জবাবদিহিতা নিশ্চিত করে। সাংবাদিকদের এ সুযোগটুকু দেয়া সমাজের দায়িত্ব।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ সাংবাদিক রোজিনা ইসলামের নাম উচ্চারণ না করে বলেন, সে যদি চুরি ডাকাতি করে, সাংবাদিককে গ্রেফতার করতে পারেন। তাকে পুলিশে দিবেন, এটাই নিয়ম। আইন নিজের হাতে কেন তুলে নিবেন? আপনে কেন নিজের হাতে আইন তুলে নেবেন? আপনি সাংবাদিককে নাস্তানাবুদ করলেন কেন? ছয় ঘন্টা তাকে টয়লেটে যেতে দেননি। এ নিয়ে জাতিসংঘ কথা বললো। সারাবিশ্ব কথা বললো। আমাদের মুখটা কোথায় রইলো?

একই দলের রওশন আরা মান্নান বলেন, স্বাস্থ্যখাতে অস্বাস্থ্যকর কাজকর্মই বেশি। এ খাতের আফজালরা নতুন রূপকথার গল্প ও অনিয়ম করছে। যদিও বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা কিছুটা কমে আসছে। কিন্তু তারপরও থামানো যাচ্ছে না। একজন নারী উপ-সচিবেরা ও বিশ্বের অন্যান্য দেশে তিন-চারটা বাড়ি আছে।

বিএনপি’র হারুন অর রশীদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দৃর্নীতির ডিপো। এই দুর্নীতি কিভাবে সংস্কার করবেন সে ব্যাপারে আমাদের সুস্পষ্ট করে জানাবেন স্বাস্থ্যমন্ত্রী।

একই দলের ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মত বেসিক জিনিসগুলোর ওপর আমরা নজর দিতে হবে। তা না হলে, ভৌত অবকাঠামোর দিকে যদি সারাদিন তাকিয়ে থাকি তাহলে সাধারণ মানুষের কোন উপকার হবে না। দশ হাজার মানুষের জন্য মাত্র ৫ জন ডাক্তার, তিনজন নার্স। এই অপ্রতুল জনবল নিয়ে হাসপাতালগুলো কিভাবে চলবে?

তবে এসব সমালোচনার কোন জবাবই দেননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি করোনা সংক্রমণরোধে সরকারের সাফল্যের বর্ণনা দেন সংসদে।

সংসদে সমালোচনা/এএমএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *