৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): চলচ্চিত্রে শিল্পে সহসাই স্বর্ণযুগ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে এদেশে যে শিল্পের যাত্রা শুরু, সেই চলচ্চিত্র যাতে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে মানুষকে প্রত্যয়ী ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডক্টর হাছান বলেন, ইতোমধ্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বন্ধ সিনেমা হল চালু করতে, চালু থাকা হল আধুনিকায়নে এবং নতুন সিনেমা হল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছেন। এই তহবিল থেকে ঢাকা ও চট্টগ্রামে শতকরা ৫ টাকা হার সুদে এবং অন্যান্য জেলায় শতকরা সাড়ে ৪ টাকা হার সুদে দীর্ঘমেয়াদী ঋণ চালু করা একটি অভূতপূর্ব পদক্ষেপ। এছাড়া প্রতি জেলায় নির্মীয়মান তথ্য ভবনের সাথে একটি করে সিনেমা হল থাকবে। যা ইতোমধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে পাশ হয়েছে।
প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে চলচ্চিত্র নির্মাণে অনুদানের বছরপ্রতি বরাদ্দ ৫ কোটি থেকে ১০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগের ১০টি থেকে বাড়িয়ে গতবছর ১৬টি সিনেমাকে অনুদান দেয়া, অনুদানের ছবি আগে হলে মুক্তি না পাওয়া থেকে এখন কমপক্ষে ২০টি হলে মুক্তি দেয়ার বাধ্যবাধকতা রয়েছে’ বলে জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী এসময় চলচ্চিত্র নির্মাণে এফডিসি নির্ধারিত ব্যয় কমিয়ে আনা এবং চলচ্চিত্র নির্মাণের জন্য এফডিসিকে থেকে বরাদ্দ দেয়ার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির প্রস্তাবকে স্বাগত জানান। পরিচালক সমিতির নেতারা চলচ্চিত্র বিষয়ে মন্ত্রণালয় ও সমিতির প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন, সেন্সর বোর্ডে সমিতির প্রতিনিধিত্ব, যে কোনও চলচ্চিত্র সেন্সরের জন্য পরিচালক সমিতির সনদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে সমিতির প্রতিনিধিত্ব এবং সব টেলিভিশনে চলচ্চিত্র প্রদর্শনের সময় পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালকের নামসহ দেখানোর পাঁচটি প্রস্তাব করেন।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম















