স্বপ্নহীন-ভাষাহীনকে স্বপ্ন ও ভাষা দিতে পারে সাংবাদিকরা

৩১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক):  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, স্বপ্নহীন-ভাষাহীনকে স্বপ্ন ও ভাষা দিতে পারে সাংবাদিকরা।

রোববার দুপুরে ঢাকায় একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘একশনএইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকা সম্পাদক ডক্টর গোলাম রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধে বক্তব্য রাখেন নিউজ ২৪ চ্যানেলের সিনিয়র বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট, একশনএইড বাংলাদেশ এর ব্যবস্থাপক নাজমুল আহসান।

ডক্টর হাছান মাহমুদ বলেন, সমাজে যারা স্বপ্ন দেখতেও ভয় পায়, তাদেরকেও একজন সাংবাদিক স্বপ্ন দেখাতে পারে। সমাজে অনেক মানুষ আছে যারা কষ্ট ও বেদনার কথা কাউকে বলতে পারে না, যাদের কষ্ট-বেদনার কথা কেউ ভাবে না। একজন সাংবাদিক তার কলম ও রিপোর্টিংয়ের মাধ্যমে পত্রিকায়, টেলিভিশনে, এমনকি অনলাইনে তার কথাগুলো বলতে পারে। তার মুখে ভাষা দিতে এবং তাকে সাহস জোগাতে পারে।

হাছান মাহমুদ তরুণ সাংবাদিকদের জন্য পুরস্কার প্রবর্তন করায় একশনএইডকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পুরস্কার তরুণ সাংবাদিকদের পেশাগতভাবে উৎসাহিত করছে। একজন সাংবাদিক সমাজকে পথ দেখাতে পারে। সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। সমাজের অনুন্মোচিত বিষয়গুলো উন্মোচিত করতে পারে। সমাজ যেদিকে তাকায় না সেদিকে সমাজের দৃষ্টি নিবদ্ধ করতে পারে।

পত্রিকায় আবার শিশুদের পাতা প্রবর্তন করলে ভালো হবে। শিশুরা শিখবে, লিখবে এবং এই লেখা জীবন সংগ্রামের পথে, স্বপ্ন পূরণের পথে তাদেরকে সহায়তা করবে। একইসাথে একজন সাংবাদিকের ভুল রিপোর্টিংয়ের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেটিও মাথায় রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভালো রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে গত দশকে গণমাধ্যমের গাণিতিক বিকাশ ঘটেছে। কিন্তু ভালো রিপোর্টিং করার প্রশিক্ষণ সেভাবে হয় না। এদিকে সুনজর দেয়া আবশ্যক।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *