২৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শনিবার বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
দুই সরকার প্রধান প্রথমে কিছু সময় একান্তে বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক। যা চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত।
বৈঠকে ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালী’ এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি প্রকল্প ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন গত বুধবার বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রীর আলাপের বিষয় ঠিক হয়েছে। সেগুলো যেন ঠিক থাকে, বাস্তবায়নে অসুবিধা না হয়, সেজন্য হয়তো প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে।
বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাতে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে মোদি ঢাকায় আসেন।
পিএম/এসকেএম/আরএম
















Leave a Reply