প্রতি ওয়ার্ডেই খেলার মাঠ

০৫ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর দক্ষিণ সিটির প্রতি ওয়ার্ডেই খেলার মাঠ করা হবে। প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে। এমনটাই ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার বিকেলে ডেমরার ৬৮ নম্বর ওয়ার্ডে করিম জুট মিলস মাঠে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর তৃতীয় পর্বের ফুটবল খেলা দেখে তিনি এই ঘোষণা দেন।

মেয়র বলেন, আমরা চাই আমাদের ছেলেরা যেন মাঠে ফিরে আসে, খেলাধুলা করে। কিন্তু আমরা দেখেছি, সব ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে আমরা প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার জায়গা সৃষ্টির উদ্যোগ নিয়েছি। এরইমাঝে আমরা কয়েকটি ওয়ার্ডে কিছু জায়গা উদ্ধার করেছি। সেগুলোকে খেলার উপযোগী করার জন্য ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ৪২ নম্বর, ২৬ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডে আমরা উদ্ধার করা জায়গাগুলোতে খেলার মাঠ করে দিচ্ছি। প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে হলেও আমাদের সন্তানদের জন্য আমরা খেলার মাঠ করে দেবো।

শেখ তাপস বলেন, মুজিববর্ষ উপলক্ষে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ছেলেদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, কর্পোরেশন উদ্যোগগুলো নিয়েছে। যে কার্যক্রম গ্রহণ করেছি তাতে এরই মধ্যে মশার উপদ্রব আগের চাইতে কমতে শুরু করেছে।

তিনি বলেন, বিশেষজ্ঞমহল পরামর্শ দিয়ে বলেছে ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বর পর্যন্ত। তাই ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা তাই করেছি। সে জায়গাতেই আমার মনে হয়েছে কৌশলে আমাদের একটু ভুল আছে। আমাদের উচিত ছিল নভেম্বর থেকেই কিউলেক্স মশার ব্যাপারে ব্যবস্থা নেয়া। নভেম্বরে শীত আসার পর পানির গভীরতা কমতে শুরু করায় পানি কলুষিত হয়ে গেছে। ময়লা আবর্জনার কারণে কিউলেক্স মশার জন্য তা প্রজনন উপযোগী স্থান হয়ে গেছে।

এ বছরে এপ্রিল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে এবং নভেম্বর থেকে কিউলেক্স মশার বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে বলে মেয়র জানান।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসি’র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস হোসেন জাহিদসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

মেয়র তাপস/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *