মানবমুক্তির আন্দোলনে মণি সিংহের জীবনসংগ্রাম অনুসরণের আহ্বান

নিউজ ডেস্ক

কমরেড মণি সিংহের জীবনসংগ্রাম অনুসরণ করে মানবমুক্তির আন্দোলন অগ্রসর ও দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের মোকাবেলার আহ্বান জানিয়েছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

মঙ্গলবার ২৮ জুলাই সকালে উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব, সিপিবির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ১২৫তম জন্মজয়ন্তীতে রাজধানীর পোস্তগোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আয়োজিত স্মরণসভায় মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা, টঙ্ক আন্দোলনের নেতা মণি সিংহ সম্পর্কে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

সিপিবি সূত্রাপুর থানার সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আসলাম খান, সাবেক ছাত্রনেতা দীপক শীল ও সামসুল আলম, সিপিবির থানা কমিটির নেতা গোলাম রাব্বী খান ও আনোয়ার হোসেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে চরম সংকট চলমান। অর্থনীতি ভেঙে পড়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের পরামর্শে একের পর এক দেশবিরোধী সর্বনাশা বাণিজ্য চুক্তি হচ্ছে। তিনি বিশ্বব্যাংক ও আইএমএফ এর পরামর্শে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রক্রিয়ায় সরকার হাঁটছে বলে অভিযোগ করেন।

প্রিন্স দাবি করেন, দেশে চার কোটি কর্মক্ষম মানুষ বেকার, ছয় কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। স্বাধীনতাবিরোধী মৌলবাদী ও দক্ষিণপন্থীদের উত্থান ভয়ংকর রূপ নিচ্ছে, কিন্তু সরকারের টনক নড়ছে না। দেশের আইন-শৃঙ্খলা নাজুক অবস্থায়। তিনি সাম্যবাদী আদর্শ অনুসরণ করে দারিদ্র্য, বেকারত্ব ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও তাদের সৃষ্ট মৌলবাদ, লুটেরা ব্যবসায়ী ও আমলা এবং অপরাজনীতির সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই-সংগ্রাম পরিচালনার ডাক দেন।

সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, মণি সিংহ কিশোর বয়সে ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে যুক্ত হন। তরুণ বয়সে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। তার নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে তেভাগা আন্দোলন গড়ে ওঠে। তিনি ছিলেন টঙ্ক আন্দোলনের অবিসংবাদিত নেতা।

অন্য বক্তারা বলেন, মণি সিংহ রাজনৈতিক লড়াই-সংগ্রামে যেমন জীবন্ত এবং অগ্রণী ছিলেন ঠিক তেমনি ব্যক্তিগত জীবনে তাঁর সততা ও নিষ্ঠা ছিল অনুকরণীয়।

সমবেতকণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে স্মরণসভা শেষ হয়।

দিনের শুরুতে ১২৫তম জন্মজয়ন্তীতে মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে সিপিবি, বাংলাদেশ যুব ইউনিয়ন সূত্রাপুর থানা কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সূত্রাপুর থানা শাখা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গেন্ডারিয়া শাখা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-সহ বিভিন্ন সংগঠন।

মণি সিংহ/এএমটি/টিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD