৩১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই, আলোচিত-সমালোচিত নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
বুধবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
কাদের মির্জ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এই পদে তিনি আর থাকবেন না বলেও জানিয়েছেন।
পদত্যাগের ঘোষণায় মেয়র কাদের মির্জা বলেন, অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমি দল থেকে বিদায় নিচ্ছি। এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আজ থেকে আমি আওয়ামী লীগের মির্জা নেই। কোনও শক্তি আমাকে আর আওয়ামী লীগ মির্জা বানাতে পারবে না।
তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।
দলে সম্মান না পাওয়ার অভিযোগ করে ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকবো না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি সেখানে থেকেই কাজ করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কাদের মির্জা বলেন, আপনি এক সাথে না পারলেও ধীরে ধীরে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদের দল থেকে বের করে দিন।
বড় ভাই ওবায়দুল কাদের পদপদবীর জন্য অপশক্তির কাছে মাথা নত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, কাদের মির্জা নোয়াখালী বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনয়নে মেয়র নির্বাচিত হন। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। মেয়র নির্বাচনের আগে থেকে মির্জা কাদের দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সোচ্চার হন। তিনি কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। গণমাধ্যমে তাদের সমালোচনা করে বক্তব্য দিয়ে আসছিলেন। ক্ষমতাসীন দলের নেতা হয়েও তিনি নানা ইস্যুতে অবরোধ হরতাল করেন। তাকে নিয়ে দল বিব্রতকর অবস্থায় পড়েছে বলেও বহু নেতা অভিযোগ করেন। অবশেষে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মির্জা কাদের।
কাদের মির্জা/এসকেএম/রমু















