নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, কেউ দুর্নীতি করে ছাড় পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে দুদক আছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। তিনি এক্ষেত্রে অটল। দুদক সম্পূর্ণ স্বাধীন।
তিনি বলেন, দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে এবং এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্বেই দুর্নীতি আছে। বাংলাদেশেও দুর্নীতি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না-সেটা ঠিক নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত। আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে।
এর আগে ওবায়দুল কাদের ফিতা কেটে আগত দেশি বিদেশি পর্যটক, রেমিটেন্স যোদ্ধা এবং সাধারণ যাত্রীদের যাতায়াতের সমস্যা নিরসনের লক্ষ্যে বিমানবন্দর শাটল বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন।
বিমানবন্দর শাটল বাস সার্ভিসের রুটগুলো হলো বিমানবন্দর টার্মিনাল-২ বিমানবন্দর গোলচত্বর উত্তরা জসীম উদ্দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল-৩ বিমানবন্দর গোলচত্বর বিমানবন্দর টার্মিনাল-২।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply