কথিত শিশুবক্তা আটক

৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) তাকে আটক করে।

বুধবার দুপুরে তাকে নেত্রকোণা থেকে আটক করার কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

খন্দকার আল মঈন জানান, রফিকুল ইসলাম মাদানি বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, শুধু তা-ই নয়, তিনি রাষ্ট্রবিরোধী নানা উস্কানিমূলক কথাবার্তা বলেন। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে।

রফিকুল ইসলাম মাদানির এইসব ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

তিনি জানান, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান খন্দবার আল মঈন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বর থেকে রফিকুল ইসলাম মাদানিকে মতিঝিল থানা পুলিশ আটক করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে তিনি মিছিল বের করেন। তবে কয়েক ঘন্টা পর পুলিশ তাকে ছেড়ে দেয়।

২৮ বঠরের রফিকুল ইসলাম মাদানির দৈহিক বৃদ্ধি না ঘটায় তাকে শিশুর মত দেখায়। ফলে অনেকে তাকে শিশুবক্তা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

মাদানি আটক/টিটি/কিউটি