০৬ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজার): পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনাবহিনীকে লক্ষ্য করে ফের হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আন্তত চার জন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে সেনাবাহিনীর ওপর বন্দুকধারীরা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।
বুধবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত শনিবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর বন্দুকধারীদের হামলায় ১৬ সৈন্য নিহত হয়েছিল।
বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যরা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’ এর অংশ ছিল। মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়।
দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকিরা পিছু হটে উত্তর দিকে চলে যায়, তাদের অনুসরণ করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
জঙ্গিহামলা/এসকেএম















