গঙ্গায় লাশের সারি

১০ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনা ভাইরাসে প্রবল ধাক্কায় বেসামাল ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় গঙ্গায় ভেসে উঠেছে ৪০ লাশ। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে মরদেহগুলো। করোনায় মৃত ব্যক্তিদের লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

সোমবার স্থানীয়রা গঙ্গার পাড়ে গেলে মরদেহগুলো দেখতে পায়। খবর: এনডিটিভি।

স্থানীয় সরকারের ধারণা, মরদেহগুলো উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে। স্থানীয়রা মৃতদেহগুলো দাহ করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে মৃতদেহ ভেসে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় থানার পুলিশ এক কর্মকর্তা জানান, মরদেহগুলো উদ্ধার হয়েছে। সেগুলো বিহার নাকি উত্তরপ্রদেশের তা এ মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। মোট প্রাণহানি হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।

করোনা ভাইরাস/এসকেএম