১২ মে ২০২১ (নিউজ ডেস্ক): ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু এই করোনাকালে ঈদে সবাই কী খুশী আছেন? নেই। ভালো নেই অনেকে। করোনার কারণে বিশ্বজুড়েই শুরু হয়েছে অর্থনৈতিক মন্দা। ব্যতিক্রম নেই বাংলাদেশও। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। বেকার হয়েছেন অগণিত মানুষ। এমন অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বন্ধু, স্বজনরা।
বন্ধুরা বন্ধুদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে এ বছর সহায়তা নেয়া হচ্ছে ফেসবুকের। বিভিন্ন বছর এসএসসি উত্তীর্ণদের নিয়ে গড়ে ওঠা ফেসবুক গ্রুপকে ব্যবহার করে সহায়তা দেয়ার বেশ কিছু ঘটনা জানা গেছে। তবে শুধু সহায়তা নয়। অনেকেই ঈদের শুভেচ্ছা হিসেবে বন্ধুদের ঈদ উপহার দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফরমকে ব্যবহার করে। সেখানে আর্থিক সহায়তার বিষয় নেই। নেই করোনাকারের সহায়তার বিষয়ও। শুধুই বন্ধু হিসেবে বন্ধুকে উপহার দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়া।
এরমধ্যে ‘ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসএসসি-৯৭ এইচএসসি-৯৯’ নামক গ্রুপ থেকে ১০ জন বন্ধুকে দেয়া হয়েছে নগদ ৪৯ হাজার টাকা। সহায়তা পাওয়া বন্ধুরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের মানবিকবোধ সম্পন্ন বন্ধুদের প্রতি।
এই ‘ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসএসসি-৯৭ এইচএসসি-৯৯’ নামক গ্রুপটি করোনাকালে বন্ধুদের জন্য রেখেছে বেশ কিছু সেবাধর্মী কর্মসূচি। তাদের গ্রুপে জানানো হয়েছে, “করোনার এই দুর্যোগ মুহুর্তে আমরা এগিয়ে আসছি বন্ধুদের কল্যাণে। আমাদের অনেক বন্ধুই হয়তো বিপদে পরতে পারো যে কোনো মুহুর্তে। আর সেই অসহায় সময় পাশে থাকবো আমরা। অস্বচ্ছল বন্ধুর জন্য সহযোগিতা থাকবে সম্পূর্ণ ফ্রি! আর স্বচ্ছল বন্ধুরা সুবিধা নিতে পারবে মূল্য পরিশোধের বিনিময়ে।”
গ্রুপটি তাদের বন্ধুদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিচ্ছে করোনার ঔষধ। জরুরী মূহুর্তে অক্সিজেন সিলিন্ডারও সরবরাহ করছে। অস্বচ্ছল বন্ধুদের জন্য রয়েছে আর্থিক সহায়তা। এছাড়াও করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনে সহায়তা। তাদের এই সেবা শুধুমাত্র ৯৭/৯৯-এর বন্ধু এবং বন্ধুর পরিবারের জন্য।
এদিকে, ১৯৮৭ সালে এসএসসি উত্তীর্ণ বন্ধুদের মধ্যে যারা আর্থিকভাবে সঙ্কটে পরেছেন তাদেরও বন্ধুরা আর্থিক সহায়তা দিচ্ছেন। এ বিষয়ে উদ্যোগী হয়েছেন ‘আমরা সাতাশি এসএসসি’ গ্রুপের অন্যতম অ্যাডমিন সুনাম। তার চেষ্টায় ইতোমধ্যেই কয়েকজন আর্থিক সহায়তা পেয়েছেন।
এছাড়া ‘আমরা সাতাশি এসএসসি’ এবং ‘সারা পৃথিবী ৮৭’ গ্রুপের অ্যাডমিন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া বন্ধুদের ঈদ উপহার দিয়ে চমকে দিয়েছেন। তিনি অসংখ্য বন্ধু এবং তাদের স্বামী বা স্ত্রীকে ঈদে দিয়েছেন হ্যান্ড পেইন্ট করা শাড়ি ও পাঞ্জাবি।
পুলক কান্তি বড়ুয়া এই ঈদে নিজের বুটিক শপ ‘অভিরুপা’র লাভের কথা না ভেবে বন্ধুদের উপহার দিয়েছেন এসব শাড়ি ও পাঞ্জাবি।
ঈদে শুভেচ্ছা/রমু/কিউটি













