২৬ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে তিনটির পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই পাঁচটি ম্যাচ আট বা নয় দিনের মধ্যে সম্পন্ন হবে।
আগামী অক্টোবরে-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে দেশটিতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আকরাম খান বলেন, ‘করোনার যে পনিস্থিতি তাতে ভারত টুর্নামেন্ট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি-না তা এখনও আমরা জানি না। তবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে চেয়েছিলাম এবং তারা এই প্রস্তাবে রাজি হয়েছে। আট বা নয় দিনের মধ্যে সিরিজটি সম্পন্ন হবে। আমরা টুর্নামেন্টের জন্য আমাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি।’
২০১৭ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সবশেষ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনা ভাইরাসের কারনে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে পারেনি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ আয়োজন করবে বাংলাদেশ।
ক্রিকেট/এসকেএম















