বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতার মৃত্যু

৩১ মে ২০২১ (বিনোদন ডেস্ক): যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’র অভিনেতা জো লারা ও তার স্ত্রী গোয়েন লারাসহ ৭ জন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দল রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানিয়েছে, ছোট জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে এটি। বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই ওই লেকে উদ্ধারকাজ শুরু হয়।

আরসিএফআর আরও জানায়, কেউ বেঁচে নেই। দেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

জো লারা ‘টারজান’ ছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয়তা পান। ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ইন ম্যানহাটন’ এ অভিনয় করেন।

এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ কাজ করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়েছিল।

বিমান বিধ্বস্ত/এসকেএম