০১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, উগান্ডা): উগান্ডায় কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা তার মেয়ে ও গাড়িচালক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন ওই মন্ত্রী। ধারণা করা হচ্ছে তাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছিল।
মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত ওই মন্ত্রীর গাড়িতে গুলি করে বলে স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিএস জানিয়েছে।
উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো বলেন, দুর্বৃত্তদের গুলিবিদ্ধ আহত ওয়ামালাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িচালক মারা গেছেন।
ওয়ামালার ওপর যে শহরতলিতে হামলা হয়েছে, সেই একই এলাকায় ২০১৭ সালে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। এ হামলায় তার দেহরক্ষী ও গাড়িচালকও প্রাণ হারান।
বন্দুক হামলা/এসকেএম















