বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা

০৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে হামলা চালিয়ে ১০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারীরা।

শনিবার দেশটির সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার দেশটির নাইজার প্রদেশ সংলগ্ন ইয়াগহা প্রদেশের সোলহান গ্রামে এই হতাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। আক্রমণকারীরা রাতে হামলা চালিয়ে বাড়িঘর এবং বাজার জ্বালিয়ে দেয়।

এই ঘটনায় বুরকিনা ফাসো সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকার বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ করে। তবে কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এখনও।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে আফ্রিকার বুরকিনা ফাসো, মালি এবং নাইজার এলাকায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী-আল কায়েদা, আইএস গোষ্ঠীর সক্রিয়তা বেড়েছে। বুরকিনা ফাসোর দুর্বল সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

গত সপ্তাহে জাতিসংঘের একটি সংস্থা বলেছে, আফ্রিকার সাহেল অঞ্চলে সহিংসতার কারণে অঞ্চলটিতে বিশ্বের সবথেকে তীব্র মানবিক সঙ্কট তৈরি হয়েছে। গত দুই বছরে সহিংসতার কারণে ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বুরকিনা পাসো/এসকেএম