৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): সরকার আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাষানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে স্থানান্তরিত ১৮ হাজারের পাশাপাশি এদেরও ভাষানচরে নেয়া হলে প্রায় এক লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে ভাষানচরে স্থানান্তর প্রক্রিয়া শেষ হবে।
রবিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানান।
বৈঠকে জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত আরও ৮০ হাজার রোহিঙ্গাকে স্বল্পতম সময়ের মধ্যে ভাষানচরে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে। বৈঠকে উপস্থিত কূটনীতিকদের প্রতি আহ্বান জানানো হয়, রোহিঙ্গাদের আবাসনসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভাসানচরের উন্নত পরিবেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের উপযোগী ব্যবস্থাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
রোহিঙ্গা/এএমএম/কিউটি













Leave a Reply