নাইজেরিয়ায় স্কুলে বন্দকধারীর হামলা

০৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া): নাইজেরিয়ায় ফের শিক্ষর্থী অপহরণের ঘটনা ঘটেছে। অজ্ঞাত বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় স্কুলে হামলা চালিয়ে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে।

সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নাইজেরিয়ার কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটেছে। রাতভর চালানও এ হামলার পর বিদ্যালয়টির ১৪০ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্কুলের প্রতিষ্ঠাতা রেভারেন্ড জন হায়াব গণমাধ্যমকে বলেন, এক শিক্ষিকাসহ ২৫ শিক্ষার্থী পালিয়ে আসতে পেরেছে। এর মধ্যে তার ১৭ বছরের ছেলেও রয়েছে।

জন হায়াবের মতে, স্কুলটিতে এ দিন ১৮০ জনের মতো শিক্ষার্থী ছিল। তারা স্কুলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

স্কুলটির শিক্ষক ইমানুয়েল পল বলেন, আমাদের ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। মাত্র ২৫ জনকে উদ্ধার করা গেছে। আমরা এখনও জানি না শিক্ষার্থীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

অপহরণ/এসকেএম