কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

৭ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কলম্বিয়া।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকে দুই দল। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জিতে ফাইনালে উঠলো আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

টাইব্রেকারে আর্জেন্টিনার নায়ক গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট রুখে দেন তিনি। সে সাথে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।

ম্যাচের শুরুর দিকে দারুণ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। তার ফলও তারা পেয়ে যায় ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায়। অ্যাসিস্টকে নিজের নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলা মেসি বাড়িয়ে দেন বল। সেখান থেকে জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন: পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ম্যাচের ৬১ মিনিটের সময় ফ্রি কিক পায় কলম্বিয়া। নিজেদের অর্ধে পাওয়া ওই ফ্রি কিক দ্রুত শট করেন কারডোনা। বক্সের ভেতরে বল পেয়ে দৌড় শুরু করেন দিয়াজ। দারুণভাবে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে গোলও করেন তিনি। ফলে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। গড়ায় টাইব্রেকারে।

অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের চাওয়া। প্রত্যাশা ছিল কোপা আমেরিকার স্বপ্নের এক ফাইনালে খেলবে দুই দল। প্রথম সেমিফাইনাল জিতে সেই মঞ্চটা সাজিয়ে রেখেছিল নেইমারের স্বাগতিক ব্রাজিল। বাকি ছিল শুধু আর্জেন্টিনার প্রত্যাশা পূরণের। দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েই তারা নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।

ফুটবল/এসকেএম

http://artnewsbd.com