ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

০৮  জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও প্রযুক্তি কোম্পানি গুগলের বিরুদ্ধে মামলা করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিয়ামির জেলা আদালতে মামলা করেন তিনি। খবর: রয়টার্স।

তার অভিযোগের তীরে বিদ্ধ হয়েছে গুগল, ফেইসবুক ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও)। ট্রাম্পের মামলার বিবাদীরা হলেন- ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও গুগলের সিইও সুন্দর পিচাই।

প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি আলাদা আলাদা মামলা করেছেন বলে জানায় রয়টার্স।

নিজের মামলার বিষয়ে খুব আত্মবিশ্বাসী ট্রাম্প। বুধবার নিউজার্সিতে নিজের মালিকানাধীন গলফ ক্লাবে ডাকা এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিক স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।

গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের বৈঠকে নিজের সমর্থকদের দাঙ্গার পর এসব সামাজিক প্ল্যাটফর্মের থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেয়া হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো।

ডোনাল্ড ট্রাম্প/এসকেএম