ফকির আলমগীর আইসিইউতে

১৬ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

বৃহস্পতিবার তার স্ত্রী সুরাইয়া আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট  ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুরাইয়া আলমগীর।

ষাটের দশক থেকে গণসংগীতের সাথে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠীও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।  তিনি একাত্তরের কণ্ঠযোদ্ধা হিসেবে পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসংগীতের অতীত ও বর্তমান, আমার কথা, যারা আছেন হৃদয় পটেসহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তার।

ফকির আলমগীর/এসকেএম