দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে

১৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগসহ প্রগতিশীল সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে সূচনা হয়েছিল। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বিকশিত হয়েছে।

তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সবস্তরের নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে। তৃণমূলে কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন হালদারের সঞ্চালনায় ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম রনিসহ অন্যরা।

শ ম রেজাউল করিম/এসকেএম