ইংল্যান্ডে করোনার বিধিনিষেধ প্রত্যাহার

১৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইংল্যান্ড): ইংল্যান্ডে করোনার অধিকাংশ বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কতজন মানুষ একসাথে দেখা করতে পারবেন বা কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, সে-সংক্রান্ত বিধিনিষেধ এখন আর থাকছে না। নৈশ ক্লাব খুলতেও থাকছে না বাধা।

কিছু কিছু জায়গায় মাস্ক পরতে পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু সে ক্ষেত্রে আইনগত কোনও বাধ্যবাধকতা নেই।

রোববার বিকেলে বরিস জনসন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, বিধিনিষেধ থেকে বেরিয়ে আসার এখনই সঠিক সময়।

তিনি বলেন, এখন যদি তারা এটা না করেন, তাহলে নিজেদের কাছে প্রশ্ন করতে হবে যে আর কখনও কি তারা বিধিনিষেধ তুলে নিতে পারবেন?

বরিস জনসন বলেন, শরৎ ও শীতকালের ঠান্ডা আবহাওয়ায় করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। কাজটি তাদের সতর্কতার সাথে করতে হবে। তাদের মনে রাখতে হবে যে এখনও করোনার সংক্রমণ চলছে। শনাক্তের সংখ্যা বাড়ছে। ডেলটা ধরনের কারণে সংক্রমণের তীব্রতা দেখা যেতে পারে।

সারা বিশ্বে করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞরা অনেকেই সমালোচনা করছেন।

বর্তমানে যুক্তরাজ্যে দৈনিক প্রায় ৫০ হাজার মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। গ্রীষ্মের শেষ দিকে দৈনিক সংক্রমণ বেড়ে দুই লাখে পৌঁছাতে পারে বলে কিছু বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্য/এসকেএম