০৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করে জনসচেতনতার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
শনিবার গুলশানের নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে তিনি একথা বলেন।
মেয়র বলেন, সুস্থ পরিবেশের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সবাইকে লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল দশটায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
মেয়র বলেন, অব্যবহৃত এই জিনিসগুলো যত্রতত্র না ফেলে নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দিলে জমাদানকারীকে পুরষ্কার দেয়া হবে বলেও ঘোষণা দেন।
মেয়র বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর সাস্থকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পরে আতিকুল ইসলাম রাজধানীর বনানী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি কভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। যা আগামী ১২ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্ক সবাইকেই সুশৃঙ্খলভাবে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে।
মেয়র বলেন, ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে আমাদের সবাইকেই সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
মেয়র আতিকুল ইসলাম/এসকেএম















