১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): পদ্মা নদীতে স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মুন্সিগঞ্জের-শিমুলিয়া এবং মাদারীপুরের-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক আলোচনা বৈঠক শেষে প্রতিমন্ত্রী একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এসময় কেবল হালকা যানবাহন (প্রাইভেট কার, এ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস) চলাচল করবে।
বিকল্প ব্যবস্থা হিসেবে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া এবং চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের আলুবাজার নৌরুটে ফেরিতে চলাচল করবে।
আজ থেকে থেকেই এ নির্দেশনা কার্যকর হবে বলেও জানান নৌপরিবহর প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু আমাদের মর্যাদার স্থাপনা, আত্মসম্মানের অনুভূতি। এ সেতুর পিলারের সাথে ফেরির সংঘর্ষের ঘটনায় আমরা বিব্রত ও দুঃখিত। এটি আমাদের জন্য উৎকন্ঠার বিষয়। পদ্মা সেতুতে আঘাত মানে, আমাদের হৃদয়ের মধ্যে আঘাত। বার বার হৃদয় ক্ষত হোক, সেটা চাইনা। পদ্মা সেতু আমাদের চ্যালেঞ্জ, মানমর্যাদার স্থাপনা।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম















