১৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, হাইতি): হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩০৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়, ভূমিকম্পে গির্জা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও বাড়িঘর ভেঙে পড়েছে। এতে শত শত লোক ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে।
জানা যায়, উদ্ধারকারী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ধ্বংসস্তুপ থেকে অনেক লোককে উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপের কেন্দ্রস্থলে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের ঝাঁকুনি ক্যারিবিয়ান অঞ্চলের বেশীরভাগ অংশে অনুভূত হয়।
এর আগে ২০১০ সালের ৭ মাত্রার একটি তীব্র ভূমিকম্পে দেশটিতে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবীয় অঞ্চলের এই দরিদ্র দেশটি।
ভূমিকম্প/এসকেএম
















Leave a Reply