১৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢোকা শুরু করেছে তালেবান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের দূত জালমাই খলিলজাদ এবং ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, তালেবান যখন কাবুল শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে, সে সময় প্রেসিডেন্ট আশরাফ গনি মার্কিন দূত জালমাই খলিলজাদ এবং ন্যাটো জোটের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করছেন।
এদিকে ক্ষমতা ‘হস্তান্তর’ এর প্রস্তুতির জন্য তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওনা হয়েছে। এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।
এদিকে, এক বিবৃতিতে তালেবানের জ্যেষ্ঠ নেতারা তাদের যোদ্ধাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পৃথক বিবৃতিতে ব্যাংক, বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিশানা (টার্গেট) করা হবে না বলে জানিয়েছে তালেবান।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply